ঢাকায় কয়েক দিন ধরেই চলছে আষাঢ়ের মৌসুমি বৃষ্টি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজের দুই ম্যাচ বৃষ্টির বাগড়া ছাড়াই সম্পন্ন হয়েছে। তবে টানা দুই দিনের বৃষ্টিতে শুক্রবার ১০ জুলাই বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটির খেলা নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। শুধু তাই নয়, প্রথম ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। যদিও বেলা পৌনে চারটার দিকে বৃষ্টি থেমে গেলে মাঠ পরিদর্শনের উদ্যোগ নেন আম্পায়াররা।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হওয়ার কথা বেলা ৩টায়। আর দুপুর ২টা ৩০ মিনিটে টস ওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে টানা বৃষ্টির কারণে পুরো মাঠ ট্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে।
টানা ২ দিনের বৃষ্টিতে আউটফিল্ড-উইকেটের অবস্থা খুবই নাজুক। শুক্রবার সকালে সূর্য উঁকি দিলে প্রথম ওয়ানডে ম্যাচ মাঠে গড়ানোর আশা দেখা দিয়েছিল। কিন্তু সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভারি বর্ষণে আবারও অনিশ্চিয়তার সৃষ্টি হয়েছে। দুপুর আড়াইটা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এরপর বৃষ্টির মাত্রা অনেকটা কমেছে। তবে এখনও মাঠ পরিদর্শনে মাঠে নামেননি ম্যাচের আম্পায়াররা।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রতিটির জন্য রিজার্ভ ডে রাখা হয়েছিল। তবে প্রোটিয়াদের বিপক্ষে সেই ব্যবস্থা না থাকায় শুক্রবার ফের বৃষ্টি হানা দিলে খেলা অমীমাংসিত থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।
ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


