মন্ত্রিপরিষদের সাত থেকে আটটি মন্ত্রণালয়ে পরিবর্তন হতে যাচ্ছে। আগস্টের প্রথম সপ্তাহেই নিজ মন্ত্রণালয়ে বেশকিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে বর্তমান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে সরিয়ে দেওয়ার আভাস পাওয়া গেছে।
এছাড়াও বিতর্কিত নানা কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীকে মন্ত্রিসভা থেকে বিদায় দেওয়া হচ্ছে। একটি দায়িত্বশীল সূত্র মন্ত্রী পরিষদের এই রদবদলের বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনের সাংসদ ড. হাছান মাহমুদ এমপি পুনরায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন।
আর এ ব্যাপারে প্রাক্তন পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, আগস্টের প্রথম সপ্তাহে মন্ত্রিপরিষদে রদবদল হতে পারে। তবে কারা বাদ পড়ছেন এবং নতুন করে কারা যুক্ত হচ্ছেন সে ব্যাপারে নিশ্চিত করে এই মুহূর্তে কিছুই বলার সুযোগ নেই।
মন্ত্রণালয়ে নিজের অন্তর্ভুক্তির ব্যাপারে তিনি বলেন, বর্তমান অবস্থান থেকে দলের জন্য, দেশের জন্য কাজ করে যেতে চাই। ত্যাগ স্বীকার করতে চাই সর্বোচ্চ।
এদিকে সম্ভাব্য মন্ত্রী হিসেবে অন্য যাদের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে রয়েছেন, চট্টগ্রামের ত্যাগী রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলাম বিএসসি, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আলাউদ্দিন নাছিম, সিরাজগঞ্জের সাংসদ ও প্রধানমন্ত্রীর প্রাক্তন ব্যক্তিগত চিকিৎসক ডা. হাবিবে মিল্লাত, প্রাক্তন বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, প্রাক্তন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, দিনাজপুরের সাংসদ ও দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
বিশেষ প্রতিনিধি, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


