ঈদে বিনোদনের জন্য বাংলাদেশে মুক্তি পাচ্ছে চারটি বাংলা সিনেমা। রূপালি পর্দায় হাজির হচ্ছেন শাকিব খান, মাহি ও অপু বিশ্বাসের মতো তারকারা। এছাড়াও রয়েছেন কলকাতার ওম। যদিও গত ছয় মাস ধরে চলচ্চিত্র ব্যবসায় মন্দার মধ্যে নতুন ছবিগুলোর ভাগ্যে কি আছে তা এখনই বলা যাচ্ছে না।
রোজার ঈদে সবচেয়ে বেশি মানুষ হলমুখী হয়। তাই এই উপলক্ষ্যকে ঘিরে বড় বাজেট আর নামী তারকার ছবি মুক্তি দেন নির্মাতারা। এবার মুক্তি পাচ্ছে, চারটি ছবি। যার মধ্যে রয়েছে মাহি ও কলকাতার নায়ক ওম অভিনীত অগ্নি-টু, অপু বিশ্বাস-শাকিব খানের লাভ ম্যারেজ, শাকিব খান-পরিমণির আরো ভালোবাসবো তোমায় এবং ইমন ও মিম অভিনীত পদ্মপাতার জল।
অগ্নি এর সিক্যুয়েল অগ্নি-টু। মা-বাবার হত্যার প্রতিশোধ ঘিরে আবর্তিত হয়েছে যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির কাহিনী। রূপালি পর্দায় যে প্রতিশোধ নেন মাহি। শাকিব খান অভিনীত দুটি ছবিই ভালোবাসার গল্পে তৈরি।
পুরান ঢাকার এক যুগলের প্রেম নিয়ে সিনেমা ‘লাভ ম্যারেজ’।
আর জনপ্রিয় নায়ক ও সাধারণ এক মেয়ের পরিণয়ের কাহিনী নিয়ে নির্মিত ‘আরো ভালোবাসবো তোমায়’।
‘পদ্ম পাতার জল’ এর গল্পটিও প্রেম নির্ভর। যাতে জমিদার পুত্র ভালোবেসে ফেলেন এক বাইজিকে।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


