বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঈদের পরই খালেদার বিচারের ট্রাইব্যুনাল: তথ্যমন্ত্রী

inu201507মানুষ পোড়ানোর মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচার দ্রুত শেষ করতে ঈদের পর বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার ১১ জুলাই বেলা সাড়ে এগারোটার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “ঈদের পরই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। মানুষ পোড়ানোর প্রতিটি মামলা এই ট্রাইব্যুনালে পাঠানো হবে।”

ইনু বলেন, “দেড় শতাধিক মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারার কর্মকাণ্ডের যে নেতৃত্ব খালেদা জিয়া দিয়েছেন, সেটা ১৯৭১ সালের গণহত্যার মতো একটি ঘটনা। একাত্তরের গণহত্যায় যেমন রেহাই দেওয়া হচ্ছে না, খালেদা জিয়াও রেহাই পাবেন না।”

তিনি বলেন, “ট্রাইব্যুনালে খালেদা জিয়া যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে রাজনীতি করবেন, না হলে রাজনীতি থেকে ইস্তফা দিয়ে কারাগারে চলে যাবেন। এর বাইরে তাঁর অন্য কোনো পরিণতি নেই।”

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন, মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ এবং জাসদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন