ভারতের রাজধানী দিল্লিতে পুলিশের এক এএসআই’র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুলিশ কর্তা জাভির সিংহ পশ্চিম দিল্লির পাঞ্জাবিবাগ থানার এএসআই। গত বৃহস্পতিবার দিল্লিতে তার এক বন্ধুর বাড়িতে অ্যালকোহলের নেশায় প্রভাবিত হয়ে বন্ধুর বাড়ির গৃহপরিচারিকাকে ধর্ষণ করেন তিনি।
ওই গৃহপরিচারিকার বয়স ২৩ বছর। ওই গৃহকর্তী বাধা দিলে জাভির সিংহ নিজের সার্ভিস রিভলভার দেখিয়ে গৃহপরিচারিকাকে খুন করার ভয় দেখান বলে পুলিশে অভিযোগ করেছেন ওই নারী। পুরো বিষয়টি সিসিটিভি ফুটেজ থাকায় তড়িঘড়ি ওই পুলিশ কর্মীকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে দিল্লি পুলিশ কমিশন।
দিল্লির পুলিশ কমিশনার বি এস বাসি বলেন, ‘অভিযুক্ত এএসআই’র বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৩৩১ (২) বি ধারায় দ্রুত চার্জশিট পেশ করা হবে। ওই ধর্ষণকারী কোন ভাবেই ছাড় পাবে না।’
এদিকে মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ পাওয়ার পর দিল্লির পুলিশ কমিশনার বি এস বাসির পদত্যাগ দাবি করেছেন দিল্লির ক্ষমতাসীন দল এএপি। নিজেদের সুরক্ষা করতেই দিল্লির পুলিশ কমিশনার দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেও পুরো ঘটনাটি থেকে রাজনৈতিক সুবিধা নিতে তৎপর হয়েছে এএপি।
ধর্ষণকে কেন্দ্র করে এএপির নেতারা দাবি করেছেন, অন্যসব রাজ্যের মতো দিল্লির নির্বাচিত সরকারের হাতেই দিল্লি পুলিশের কর্তৃত্ব তুলে দিতে। তা না হলে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হতেই থাকবে বলে দলটি মনে করছে।
কেজরিওয়ালের সরকার মহিলাদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু যাদের মাধ্যমে সেই প্রতিশ্রুতি পূরণ হবে সেই দিল্লি পুলিশ কেন্দ্রের অধীনে রয়েছে। তারা দিল্লি সরকারের নির্দেশ মানতে বাধ্য নয়। ফলে সব স্তরের সমন্বয়হীনতা সৃষ্টি হচ্ছে। তাই দিল্লি পুলিশের দায়িত্ব কেজরি সরকারের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়ে আবার আন্দোলনে নামার সিদ্ধান্ত নিচ্ছে এএপি।
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


