বুধবার ৪ নভেম্বর ২০২৬

জাকাতের জন্য ২৭ মৃত্যুতে কারও গাফিলতি থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

stater-minister-Homeজাকাতের কাপড় বিতরণের আগেই পদদলিত হয়ে শিশু ও নারীসহ ২৭ জন নিহতের ঘটনায় কারো বিরুদ্ধে গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার। শনিবার ১১ জুলাই বিকেলে রাজধানী ঢাকার কারওয়ান বাজারে বসুন্ধরা শপিং কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এর আগে বসুন্ধরা শপিংমলে প্রবেশ করে এটি ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের বলেন, “আপনারা জানেন এই শপিংমলটি এখন রাত প্রায় দুইটা পর্যন্ত চলে। এ পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তাহীনতার অভিযোগ পাওয়া যায়নি। এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।”

এসময় ময়মনসিংহে জাকাতের কাপড় সংগ্রহকালে নিহতের ঘটনায় ওই এলাকার দায়িত্বে থাকা এসপির অবহেলা রয়েছে এবং তিনি জাকাতের কাপড় দেওয়ার বিষয়টি জানতেন না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “এঘটনাটি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কারো বিরুদ্ধে অবহেলা বা কোনো ধরনের অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

রমজানে চাঁদাবাজির সঙ্গে বিভিন্ন মহলের সংশ্লিষ্ট থাকার বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরো বলেন, “চাঁদাবাজীর কোনো অভিযোগ এখনও পাওয়া যায়নি। কারো বিরুদ্ধে এধরনের অভিযোগ পাওয়া গেলে সে যে দলেরই হোক না কেনো বা কারো পরিচয় বিবেচনায় না রেখে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন