বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকা ছাড়ছে এক কোটি মানুষ: এলাকাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা

ঈদুল ফিতরে বাংলাদেশের রাজধানী ঢাকা ছেড়ে যাচ্ছে এক কোটি মানুষ। দেশের বিভিন্ন প্রান্তে থাকা স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই তাদের এই গ্রামে ফেরা। চাকরি-ব্যবসাসহ নানা প্রয়োজনে ঢাকায় আসেন মানুষেরা। তাই ঢাকা শহরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে তারা এলাকাভিত্তিক আলাদা নিরাপত্তা কৌশল গ্রহণ করবে। শনিবার দুপুরে ঢাকার মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সাংবাদিকের প্রশ্নের জবাবে নিরাপত্তার এই কথা বলেন ডিএমপির মুখপাত্র ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, ঈদে প্রায় এক কোটি মানুষ ঢাকা ছাড়বে। এবারের ঈদে রাজধানীতে যাতে অপরাধের কোনো ঘটনা না ঘটে, এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে।

তিনি বলেন, ঈদের দুদিন আগে থেকে এ বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। রাজধানী স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আগ পর্যন্ত তা কার্যকর থাকবে।

বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় থাকা সিসিটিভি ক্যামেরা ঈদ উপলক্ষে পরীক্ষা করা হবে বলে জানান ডিএমপির মুখপাত্র। তিনি বলেন, প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের সিসিটিভি ক্যামেরা সংস্কার করতে বলা হবে।

ঈদ উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে বেসরকারি নিরাপত্তা কোম্পানির সঙ্গে পুলিশ সমন্বয় করবে বলেও উল্লেখ করেন ডিবির যুগ্ম কমিশনার। তিনি বলেন, পুলিশ ফাঁড়ি, থানা, পুলিশ বক্স—এগুলো এলাকাভিত্তিক ভাগ করে নিরাপত্তার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন