বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাঘ যখন বিড়াল…

Tiger_caricatureখেলায় হার-জিত থাকেই। একদল জিতবে আরেক দল হারবে- এটাই খেলার নিয়ম। কিন্তু হারটা যদি হয় আত্মসমপর্ণতুল্য এবং বিনা লড়াইয়ে, তখনই খটকা লাগে। প্রশ্ন ওঠে সামর্থ্য নিয়ে।

ভারত ও পাকিস্তানকে উড়িয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফের সেই পুরনো চেহারায় মাশরাফিরা। টাইগারদের অবস্থা হয়েছে কাল বাঘ আজ বিড়াল। পরপর দুটি টি ২০ ম্যাচে হারার পর ওয়ানডে সিরিজেও শুরু হার দিয়ে। শুক্রবার ১০ জুলাই সারা দিন আকাশের কান্না থামার পর যখন কার্টেল ওভারের খেলা শুরু হয়, তখন বিস্ময়ে অবাক হওয়ার পালা।

টস জিতে ভেজা মাঠে ব্যাট করার নির্বুদ্ধিতা এবং ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল দেখে মিরপুরের দর্শকরা যারপরনাই অবাক।

খেলা দেখতে আসা এক প্রবীণ টাইগারভক্তের সরেস মন্তব্য, ‘বুঝলেন তো, আমাদের খেলোয়াড়রা কখনও বাঘ কখনও বিড়াল। কাল রাজা আজ ফকির হওয়ার অবস্থা।’ আনকোরা দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা জীবনের প্রথম ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিকসহ ছয় উইকেট নিয়ে একাই বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিলেন ১৬০ রানে। তামিম, মুশফিকুর, মাহমুদউল্লাহরা দাঁড়াতেই পারলেন না তার সামনে। ভেজা মাঠের মতো ভেজা বিড়াল হয়ে ফিরলেন তারা সাজঘরে। ফলে যা হওয়ার তাই হল। বাংলাদেশ ম্যাচ হারল বিনা প্রতিরোধে।

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দলে তাদের সেরা খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্স নেই। সেটা বোঝাই যায়নি তাদের খেলায়। বাংলাদেশ দল নিজেদের আঙিনায় পুরো শক্তির দল নিয়ে খেলেও নিজেদের সামর্থ্য মেলে ধরতে অপারগ। অথচ এই ক’দিন আগেই পাকিস্তান ও ভারতকে উড়িয়ে দিয়েছে এই একই দল।
সেই প্রবীণ দর্শকের মতে, ‘সুয়োরানীর পর বাংলাদেশের ক্রিকেটে দুয়োরানী পর্ব শুরু হয়ে গেছে আমাদের ক্রিকেটে। ক’দিন আগে খেলোয়াড়দের হাতে তুলে দেয়া হয়েছে পুরস্কারের বিপুল পরিমাণ অর্থ। এখন হারলেই কী, জিতলেই কী!’

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন