বাংলাদেশ ও ভারতের পর্বতারোহীরা ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের হিমালয়ের জোড়া পর্বতশৃঙ্গ নুন জয় করেছেন। হিমালয়ের জোড়া পর্বতশৃঙ্গ কুন ও নুন। নুনের উচ্চতা সাত হাজার ১৩৫ মিটার আর কুনের উচ্চতা সাত হাজার ৭৭ মিটার। গত ৭ জুলাই আরোহীরা এই শৃঙ্গ জয় করেন বলে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকার অ্যাডভেঞ্চার ক্লাব কেওকারাডং ও পশ্চিমবঙ্গের মাউন্টেনারিং অ্যাসোসিয়েশন অব কৃষ্ণনগর যৌথভাবে এই পর্বতশৃঙ্গ জয় করে। এই যৌথ পর্বতারোহী দলের নেতৃত্ব দেন এভারেস্ট বিজয়ী কলকাতার প্রখ্যাত পর্বতারোহী বসন্ত সিংহ রায়।
দলে ছিলেন বাংলাদেশের তিন পর্বতারোহী মুনতাসির মামুন ইমরান (দলপতি), রিফাত হাসান ও সালমা খাতুন।
গত ২১ জুন দুই দেশের ১৪ জনের এই পর্বতারোহী দল ওই শৃঙ্গে আরোহণ শুরু করেন।
বিবৃতিতে জানানো হয়েছে, শিগগিরই তাঁরা দিল্লি হয়ে কলকাতায় ফিরবেন। দলের সবাই সুস্থ আছেন।
নিজস্ব প্রতিবেদক, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


