দিনভর গুজবের পর ভারতীয় সীমান্ত সংলগ্ন সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী এলাকা থেকে বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার মধ্যরাতে মুকুল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মুকুল উপজেলার হাওয়ালখালী গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।
এর আগে গতকাল কুশখালী ইউনিয়নের চেয়ারম্যান আবু রায়হান জানিয়েছিলেন, হওয়ালখালী গ্রামের কয়েকজন গরু রাখাল শনিবার ভোর রাত তিনটার দিকে ভারত থেকে গরু নিয়ে দেশে ফিরছিলেন। এ সময় দুবলী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে মুকুল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। তবে লাশের অবস্থান সম্পর্কে তিনি কিছুই বলতে পারেননি।
সদর থানার ওসি (তদন্ত) হাশেম মিয়া জানিয়েছেন, খবর পেয়ে রাতে কুশখালী গ্রামের বাদিলকি বিলের পাশ থেকে মুকুলের লাশ উদ্ধার করা হয়। বিএসএফের গুলিতে তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সাতক্ষীরা প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


