বুধবার ৪ নভেম্বর ২০২৬

আশরাফের আশীর্বাদ নিয়েই চেয়ারে বসলেন মোশাররফ

Mosharraf-Ashrafনতুন দায়িত্ব পালনের আগে পূর্বসূরী ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নিজ চেয়ারে বসেছেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সাক্ষাৎ শেষ করেই সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর দপ্তরে যান খন্দকার মোশাররফ, যিনি আগের দপ্তর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ও দেখভাল করবেন। এদিকে নতুন দায়িত্ব বুঝে নিয়ে খন্দকার মোশাররফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।

রবিবার ১২ জুলাই সকালে ১৫ মিনিটের ওই সাক্ষাতের পর খন্দকার মোশাররফ সাংবাদিকদের জানান, নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগে তিনি সাবেক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গিয়েছিলেন।

সৈয়দ আশরাফ বলেন, এক সরকারের সদস্য, এক সংসদের এমপি। আমাদের কোঅপারেশন তো অবশ্যই থাকবে।

ক্ষমতাসীন আওয়ামী লীগে সভানেত্রীর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদধারী সৈয়দ আশরাফকে গত বৃহস্পতিবার ৯ জুলাই স্থানীয় সরকারের মন্ত্রীর দপ্তর থেকে সরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সরকারের দায়িত্ব দেওয়া হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে, যিনি শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুলের শ্বশুর।

মন্ত্রণালয় ও সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন বৈঠকে অনুপস্থিতি নিয়ে দলের ভেতরেই আশরাফের সমালোচনা ছিল। তবে তাকে আকষ্মিকভাবে দপ্তরছাড়া করার বিষয়টি দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন তুলেছে, যা নিয়ে আলোচনা চলতে গত তিন দিন ধরেই।

এ বিষয়ে একাত্তরের প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ শুধু বলেছেন, তার বাবা বঙ্গবন্ধুর জন্য জীবন দিয়েছেন।

সৈয়দ আশরাফের ব্যক্তিগত কর্মকর্তা সৈয়দ তোফাজ্জল হোসেন জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন রোববার বেলা ১১টা ৫ মিনিটে বেইলি রোডের বাসায় যান। সাক্ষাতের সময় আগেই ঠিক করা ছিল। উনি ১১টা ২০ পর্যন্ত ছিলেন।

সরকারি ওই বাসা স্থানীয় সরকার মন্ত্রী হিসাবেই বরাদ্দ পেয়েছিলেন আশরাফ। বিগত চার দলীয় জোট সরকারের স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়াও ওই বাসায় ছিলেন।

দায়িত্ব পাওয়ার পরদিন শুক্রবার নিজের জেলা ফরিদপুরে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে তিনি ‘সম্পূর্ণ দুর্নীতিমুক্ত’ করেছেন।

এবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দুর্নীতি তাড়াবেন বলেও ঘোষণা দেন মোশাররফ, যিনি এই মন্ত্রণালয়ের অধীন রুরাল ওয়ার্কাস প্রোগ্রামের প্রথম প্রধান প্রকৌশলী হিসেবে এলজিইডি বিভাগ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন