বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঈদ উপলক্ষে চাঁদাবাজিতে ব্যস্ত পুলিশের সিভিল টিম ও সোর্স

620150712002433ঈদ সামনে রেখে ‘সাদা পোশাকের সিভিল টিম’ ও ‘পুলিশ সোর্সে’র দৌরাত্ম্য বেড়ে গেছে। থানা পুলিশের নাম ভাঙিয়ে তোলা আদায় ও চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধী কার্যক্রম চালাচ্ছে তারা। কথা মতো চাঁদাবাজির টাকা দিতে না পারলে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয়ভীতি দেখানো হচ্ছে। রাজধানীর ৪৯ থানার বিভিন্ন এলাকায় এ ধরনের অপরাধের অসংখ্য অভিযোগ জমা পড়েছে ঢাকা মহানগর পুলিশ কার্যালয়ে (ডিএমপি)।

ডিএমপি সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে রাজধানীর প্রায় প্রতিটি ফুটপাথে হকার ও দোকানদের কাছে চাঁদাবাজি করছে মূলত পুলিশের সোর্স। তাদের সহায়তা করছে সাদা পোশাকধারী সিভিল টিম পরিচয়দানকারী এক শ্রেণীর পুলিশ। সারাদিন কেনা-বেচার শেষে তারাই ফুটপাথ থেকে চাঁদা তোলে। অভিযোগ রয়েছে, চাঁদাবাজির এসব টাকা ভাগ বাটোয়ারা হতে হতে উচ্চ মহলে পৌঁছায়।

সূত্র জানায়, পুলিশের সোর্সরা রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাথের দোকান থেকে চাঁদাবাজি, জমিদখল নিয়ে মধ্যস্থতা, এমনকি কাঁচামালের আড়ৎ থেকেও চাঁদাবাজি করছে। অনেক সময় তারা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে বেড়ায়। কোনো কোনো ক্ষেত্রে তারা ‘ওসির ক্যাশিয়ার’ বলেও পরিচয় দেয়। আবার অনেক সোর্স কোন ব্যক্তিকে আটক করে থানায় আনলে মোটা অংকের টাকা মিলবে- এমন তথ্যও উপপরিদর্শকদের (এসআই) দেয় বলে অভিযোগ পাওয়া যায়।

ঢাকা মহানগর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সাদা পোশাকের সিভিল টিমের এখন তৎপরতা চালাতে দেয়া হয় না। গোপনে কেউ পুলিশ পরিচয়ে এ ধরনের অপরাধী কার্যক্রম চালালে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অপরাধীদের শনাক্ত করে অপরাধ উদঘাটনে তদন্তে নিয়োজিত পুলিশ কর্মকর্তারা বিভিন্ন এলাকায় সোর্স ব্যবহার করেন। পুলিশ সোর্সদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ পাওয়া গেলে তাদেরও বাদ দেয়া হবে না। সাদা পোশাকের পুলিশের সিভিল টিম ও সোর্স পরিচয়দানকারী কোনো ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অপরাধ কার্যক্রমের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন