বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ২৫-২৬ জুলাই। সম্মেলন উপলক্ষে পদপ্রত্যাশীদের জন্য মনোনয়ন ফরম বিতরণ শুরু হচ্ছে রবিবার ১২ জুলাই থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে শনিবার এ তথ্য জানান ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।
১২-১৫ জুলাই ফরম বিতরণ ও সংগ্রহ কার্যক্রম চলবে। প্রতিটি ফরমের জন্য জনতা ব্যাংকের রমনা শাখায় বাংলাদেশ ছাত্রলীগের সঞ্চয়ী হিসাব নং ৩৪০৭৯৪১৯-এ ৩ হাজার টাকা জমা দিয়ে ব্যাংক পে-অর্ডারের মাধ্যমে অথবা কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন কমিশনারের কাছে সরাসরি টাকা জমা দিয়ে ফরম সংগ্রহ করা যাবে।
সম্মেলনের নির্বাচন কমিশনার হলেন— কেন্দ্রীয় সহসভাপতি সুমন কুণ্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও কেন্দ্রীয় দফতর সম্পাদক শেখ রাসেল।
কেন্দ্রীয় সম্মেলনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে বদিউজ্জামান সোহাগ বলেন, সম্মেলন সফল করতে নেতাকর্মীরা রাতদিন পরিশ্রম করছেন। এরই মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটিসহ বিভিন্ন উপকমিটির নাম ঘোষণা করা হয়েছে। এ সময় তিনি সুশৃঙ্খলভাবে সম্মেলন পরিচালনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত, দফতর সম্পাদক শেখ রাসেল, উপদফতর সম্পাদক কামারুজ্জামান সালাম, পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


