টানা তিন মাসের আন্দোলনে পেট্রলবোমা হামলা ও নাশকতার সঙ্গে কারা জড়িত তা চিহ্নিত করতে ট্রাইব্যুনাল নয়; জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে বিএনপি।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ দাবি জানান।
গত ৫ জানুয়ারি থেকে টানা তিন মাস অবরোধ চালায় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। সেময় গাড়িতে পেট্রলবোমা হামলায় বিভিন্ন স্থানে শতাধিক মানুষ প্রাণ হারান। একাধিক নাশকতার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও হুকুমের আসামি করা হয়েছে।
ট্রাইব্যুনাল করে খালেদা জিয়ার বিচার করা হবে- সরকারের পক্ষ থেকে এমন বক্তত্যে বিএনপির এই মুখপাত্র বলেন, সরকার বলছে বিএনপি পেট্রলবোমা মেরেছে। বিএনপি বলছে, পেট্রলবোমা মারার সঙ্গে দলের নেতাকর্মীরা জড়িত নয়। এই অবস্থায় জাতিসংঘের তত্ত্বাবধানে একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি করে জড়িতদের চিহ্নিত করা দাবি জানান তিনি।
রিপন আরো দাবি করেন, বিএনপি কখনো নাশকতার সঙ্গে জড়িত ছিল না। কিন্তু প্রধানমন্ত্রী নিজে যখন অভিযোগ তোলেন তখন নিরপেক্ষ তদন্ত হওয়া দুরূহ। তাই আমরা জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক তদন্ত দাবি করছি। কিন্তু তা না করে বিএনপি বা এ দলের শীর্ষ নেতৃত্ব ধ্বংস করার চেষ্টা হলে তা গণতন্ত্রের জন্য ভালো হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।
ট্রাইব্যুনাল নয়, আন্তর্জাতিক তদন্ত চাই : বিএনপি
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।


