পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগের বিষয়ে বিশ্ব ব্যাংকের কাছে প্রমাণ চেয়েছে কানাডার একটি আদালত। পদ্মাসেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের বিষয়ে বিশ্ব ব্যাংক যে তদন্ত করেছে সেসবের নথিপত্র আদালতে উপস্থাপনেরও নির্দেশ দিয়েছে অন্টারিওর সুপিরয়র কোর্ট অব জাস্টিসের বিচারক আয়ান নেইমারের আদালত। অপরদিকে আদালতের এই নির্দেশনা ঠেকাতে আইনি লড়াইয়ে নেমেছে আন্তর্জাতিক সংস্থাটি।
তারা কানাডার সুপ্রিম কোর্টে আবেদন করেছে। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বিশ্ব ব্যাংকের আবেদন গ্রহণ করেছে, তবে শুনানির কোনো দিনক্ষণ ঠিক করেনি।
পদ্মাসেতু নিয়ে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ ওঠার পর বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংকের কাছে অভিযোগের ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছিল। কিন্তু বিশ্ব ব্যাংক তাতে কর্ণপাত করেনি। এবার আদালতের নির্দেশকেও ঠেকাতে আইনি লড়াইয়ের পথ বেছে নিয়েছে বিশ্ব ব্যাংক।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


