বুধবার ৪ নভেম্বর ২০২৬

নয়া ৬ মন্ত্রী কে কোন দপ্তর পাচ্ছেন

New_Minister_Correctionবাংলাদেশের মন্ত্রিসভা আরো সম্প্রসারণ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ১৩ জুলাই সন্ধ্যায় আওয়ামী লীগের একটি সূত্র এ তথ্য জানায়। মঙ্গলবার ১৪ জুলাই বিকেলে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। কয়েকদিন ধরেই মন্ত্রিসভায় সংযোজন-বিয়োজনের বিষয়টি নিয়ে দলীয় সভানেত্রী কয়েকজনের সঙ্গে আলাপ করছেন। তিনি নিজের মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন। তবে দলের কেউ কেউ এতে নিজেদের মতামতও দিচ্ছেন। সবমিলিয়ে সোমবার বিকেলে বিষয়টি একটি চূড়ান্ত রূপ লাভ করে। যদিও মঙ্গলবার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত প্রকৃতপক্ষে কে মন্ত্রী হচ্ছেন তা একেবারেই চূড়ান্ত নয়।

তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত মন্ত্রিত্ব পাওয়ার তালিকায় ছয় জনের নাম ছিল। মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন ডা. দীপু মনি, কর্নেল (অব.) ফারুক খান,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসি, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকতা ও ফেনী আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন নাসিম এবং সংসদ সদস্য (সংরক্ষিত) তারানা হালিম।
ছয় জনের মধ্যে পূর্ণ মন্ত্রী হচ্ছেন তিন জন। প্রতিমন্ত্রী দুই জন এবং উপমন্ত্রী একজন।

ফারুক খানকে স্বরাষ্ট্র মন্ত্রী, দীপু মনিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, নুরুল ইসলাম বিএসসিকে সমাজকল্যাণ মন্ত্রী করা হচ্ছে।

খালিদ মাহমুদ চৌধুরী হচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী, আলাউদ্দিন নাসিম হচ্ছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

উপমন্ত্রী হচ্ছেন তারানা হালিম। তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে।

এদের বাইরে সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের নাম শোনা গেলেও তা এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে, বর্তমান মন্ত্রীদের মধ্যে সমালোচনার মুখে থাকা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী বাদ যাচ্ছেন বলে সূত্র জানিয়েছে। অন্যদিকে সদ্য দপ্তর হারানো মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নতুন দপ্তর পেতে পারেন বলেও একটি সূত্র বলছে।

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে, ছয় নতুন মন্ত্রীর জন্য ৬টি গাড়ি প্রস্তুত করার নির্দেশনা পাওয়া গেছে। অন্যদিকে বঙ্গভবনে শপথের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

নুরুল ইসলাম বিএসসি সোমবার রাত নয়টার দিকে নিউজওয়ার্ল্ডবিডি ডট কমকে জানিয়েছেন, ‘হ্যাঁ, আমাকে বঙ্গভবন থেকে টেলিফোন করা হয়েছিল। কাল (মঙ্গলবার) শপথ নিতে যেতে আমন্ত্রণ জানিয়েছে।’

তারানা হালিম রাত সোয়া নয়টার দিকে নিউজওয়ার্ল্ডবিডি ডট কমকে জানিয়েছেন, নতুন মন্ত্রীর তালিকায় তার নাম রয়েছে। বঙ্গভবন থেকে তাদের ফোন করে তাকে জানানো হয়। মঙ্গলবার শপথ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যও তাকে বলা হয়েছে।

মন্ত্রিত্বের তালিকায় সবচেয়ে চমক হলো আলাউদ্দিন আহম্মেদ নাসিম। এক সময়ের সরকারি কর্মকর্তা হলেও চাকরি ছেড়ে তিনি রাজনীতি শুরু করেন। সর্বশেষ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। নিয়মিত দলীয় ফোরামের বৈঠকে উপস্থিত না থাকায় দলীয় কার্যকরী কমিটির সদস্য পদ হারান। ম্যাজিস্ট্রেট হিসেবে দীর্ঘদিন প্রশাসনে কর্মরত ছিলেন। এই কারণে তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আলাউদ্দিন নাসিমকে মন্ত্রী করার ব্যাপারে জ্যেষ্ঠ সচিবদের আপত্তি রয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেন।

কর্নেল (অব.) ফারুক খান সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে আওয়ামী লীগের টিকিটে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ৩ সিটি নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

নুরুল ইসলাম বিএসসি চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। একাধিকবার আওয়মী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

অ্যাডভোকেট তারানা হালিম পেশায় আইনজীবী হলেও অভিনেত্রী হিসেবেই জনপ্রিয় বেশি তিনি। সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন এই অভিনেত্রী। সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে নবম সংসদ ও দশম সংসদেও প্রশংসনীয় ভুমিকা রাখছেন।

ছাত্রলীগের রাজনীতি দিয়ে খালিদ মাহমুদ চৌধুরীর রাজনীতির হাতে খড়ি। বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকার মাধ্যমে উঠে আসেন জাতীয় রাজনীতিতে। দিনাজপুরের আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন খালিদ মাহমুদ চৌধুরী।

ডা. দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। পেশায় চিকিৎসক হলেও এক-এগারর সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সখ্য গড়ে ওঠে। ২০০৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন নবম সংসদের পুরো সময়।

বিশেষ প্রতিনিধি, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন