বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভাষানটেকে বাসায় ঢুকে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা

vasantek_293496ভাষানটেকে রোববার রাতে ডাকাতের হামলায় খুন হয়েছেন মনসুর আলী (৬২) নামে এক বাড়ির মালিক। তিনি দীর্ঘদিন আমেরিকা প্রবাসী ছিলেন। ভাষানটেক মিলিটারি চেকপোস্টের কাছে ২৬৬, চার তলা বাড়ির ৩ তলার ফ্ল্যাটে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পর ভাষানটেক থানার ওসি, মিরপুর জোনের সহকারী কমিশনার ও মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান।

ভাষানটেক থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নিহত মনসুর আলী ইফতারের সময় বাসার বাইরে ছিলেন। রাত ৮টার দিকে তিনি বাসায় ফিরে দেখেন ৮-৯ জন অস্ত্রধারী যুবক তার স্ত্রী, মেয়ে ও নাতি-নাতনিদের জিম্মি করে রেখেছে। ডাকাতরা বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মালামাল লুট করছে। তিনি চিৎকার করার চেষ্টা করলে ডাকাতরা তাকে ধরে ফেলে। মুখ চেপে ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। ডাকাতরা বাসা থেকে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।

ওসি আরও জানান, ডাকাতিকালে অস্ত্রের মুখে বাসার লোকজনকে বেঁধে ফেলে ডাকাতরা। তাদের মুখে স্কচটেপ লাগিয়ে দেয় যাতে চিৎকার করতে না পারে। ডাকাতি শেষে চলে যাওয়ার পর প্রতিবেশীরা বিষয়টি টের পান। তারা বাসার লোকজনের হাত-পায়ের বাঁধন খুলে দেন এবং মুমূর্ষু অবস্থায় মনসুর আলীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান। কিছুক্ষণ পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে সিআইডি পুুলিশের ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে।

মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার কাইয়ুমুজ্জামান জানান, সংঘবদ্ধ ডাকাতরা ডাকাতির উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে ডাকাতদের শনাক্ত করার চেষ্টা করছে। এ ছাড়াও বাড়ির নিরাপত্তাকর্মী, প্রতিবেশী ও অন্যদের জিজ্ঞাসাবাদ করেছে।

ক্যান্টনমেন্টের পাশে নিরাপত্তাবেষ্টিত একটি এলাকায় রোমহর্ষক এ হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ডাকাতদের গ্রেফতার দাবি করেন। নিহত মনসুর আলী আমেরিকা থেকে কবে দেশে এসেছেন এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ ভাষানটেকের একটি হাসপাতালে ছিল। থানার ডিউটি অফিসার এসআই হাফিজউদ্দিন জানান, নিহত মনসুর আলীর শরীরে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাত রয়েছে। তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে এসব আঘাতের চিহ্ন দেখা গেছে।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন