বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজন হত্যার আসামি মুহিত ৫ দিনের রিমান্ডে

rajon_293503সিলেটে খুঁটির সঙ্গে বেঁধে পৈশাচিক নির্যাতন করে শিশু রাজন হত্যার ঘটনায় প্রধান আসামি মুহিত আলমকে ৫ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। ভিডিও চিত্র ধারণসহ পুরো ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রোববার মুহিতের ৭ দিনের রিমান্ডর আবেদন করা হয়। পরে শুনানির জন্য আজ দিন ধার্য করেন আদালত। শুনানি শেষে বিচারক মুহিতের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, এ মামলার আরেক আসামি ইসমাঈল হোসেন আবলুকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জালালাবাদ থানা এলাকার লামাকাজি মিরেরগাঁও থেকে সোমবার ভোরে ইসমাঈলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইসমাইল শিশু রাজন হত্যার প্রধান আসামি মুহিত আলমের তালতো ভাই।

মামলার অন্যতম আসামি সৌদি প্রবাসী কামরুল ইসলামের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জালালাবাদ থানার ওসি আখতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, গত বুধবার রাজনকে পৈশাচিক নির্যাতন করে লাশ গুমের চেষ্টা করে ঘাতকরা। ওইদিন ঘাতকরা বেলা ১১টার দিকে একটি মাইক্রোবাসে তার লাশ পার্শ্ববর্তী একটি গ্রামের মাঠে ফেলে যাওয়ার সময় গ্রামবাসীর সন্দেহ হলে মাইক্রোবাসসহ একজনকে আটক করে। খবর পেয়ে রাতে থানায় গিয়ে পরিবারের সদস্যরা রাজনের লাশ শনাক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক,সিলেট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন