ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে ও নিরাপদে যেতে মহাসড়কে ওভারটেকিং থেকে বিরত থাকতে চালকদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
১৪ জুলাই মঙ্গলবার দুপুরে সাভার ও আশুলিয়ায় ঈদ উপলক্ষে পুলিশের ট্রাফিক কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজি এ আহ্বান জানান।
পুলিশ প্রধান বলেন, জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাবেন না। যত্রযত্র ওভারটেকিংয়ের ফলে মহাসড়কে দুর্ঘটনা ঘটে। ফলে যানজটে মানুষকে নাকাল হতে হয়। এলোমেলোভাবে গাড়ি চালিয়ে মহাসড়কের দুর্ভোগ সৃষ্টি করলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আইজি বলেন, ১৬ তারিখ নাগাদ সব পোশাক কারখানা ছুটি হয়ে যাবে। লাখো পোশাক শ্রমিক গ্রামে পরিবারের সঙ্গে ঈদ কাটাতে যাবেন। তখন হয়তো যানবাহনের সঙ্কট ও যানজট দুটোই দেখা দিতে পারে। এরপরও আমরা সচেষ্ট রয়েছি। গত কয়েকবারের মতো এবার ঈদেও মানুষের তেমন দুর্ভোগ হবে না।
এসময় আইজির সঙ্গে উপস্থিত ছিলেন- পুলিশের ডিআইজি নুরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সহাকরী পুলিশ সুপার নাজমুল হুদা প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


