নাসিক: সাধুদের জন্য সাড়ে পাঁচ লাখ কন্ডোম সরবরাহ বিতর্কের মধ্যেই নাসিকে শুরু হল সিংহস্ত কুম্ভ মেলা। মঙ্গলবার ১৪ জুলাই ভোর ছয়টা ১৬ মিনিটে গোদাবরী নদীর তীরে নাসিকের রামকুণ্ডে ও ত্রম্বকেশ্বরের কুশবার্তা তীর্থে কুম্ভ মেলার আনুষ্ঠানিক সূচনা হল। নাসিক গঙ্গা গোদাবরী পঞ্চকোটি পুরোহিত সংঘ ও ত্রম্বকেশ্বর পুরোহিত সংঘের উদ্যোগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপাদ নায়েক।
মেলা উপলক্ষে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে নাসিকে। মঙ্গলবার সন্ধ্যায় কুম্ভ মেলা উপলক্ষে বিভিন্ন আখড়ার মহন্ত ও সাধুদের নিয়ে মহাশোভাযাত্রার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন নাসিক ও ত্রম্বকেশ্বর পুরোহিত সংঘের সভাপতি সতীশ শুক্লা।
এবারের কুম্ভ মেলার মূল আকর্ষণ বা “শাহি স্নান”-এর জন্য ২৯ অগাস্ট, ১৩ ও ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। ত্রম্বকেশ্বরের ক্ষেত্রে তা হবে ২৯ অগাস্ট, ১৩ ও ২৫ সেপ্টেম্বরে। মেলার কারণে সরকারি তরফে নাসিকে ৩১৫ একর জমিতে অস্থায়ী “সাধু গ্রাম” তৈরি করা হয়েছে। মেলা উপলক্ষে ৩০০০ বিশেষ বাস পরিষেবা চালু ও ১৫০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন নাসিকের জেলাশাসক দীপেন্দ্রসিং খুশওয়া। বসানো হয়েছে সিসিটিভ।
প্রসঙ্গত, ভারতে ৪টি ভিন্ন ভিন্ন স্থানে কুম্ভ মেলা আয়োজিত হয়। এই ৪টি স্থান নির্বাচিত হয় মূলত বৃহস্পতি ও সূর্যের অবস্থান অনুসারে। প্রতি ১২ বছর অন্তর হিন্দু মঘা মাসে বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে অবস্থান করলে নাসিক-ত্রম্বকেশ্বরে, সূর্য মেষ রাশিতে অবস্থান করলে হরিদ্বারে, বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করলে প্রয়াগে, এবং সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করলে উজ্জ্বয়নীতে মেলা আয়োজিত হয়।
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


