বুধবার ৪ নভেম্বর ২০২৬

বঙ্গভবনে যাননি আশরাফ ছিলেন এইচ টি ইমামের ইফতারে

ashrafবঙ্গভবনে নয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম যাননি। তিনি রাজধানীর বেইলী রোডস্থ অফিসার্স ক্লাবে এইচ টি ইমামের দেয়া ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের প্রচার সেলের চেয়ারম্যান এইচ টি ইমাম ব্যক্তিগত উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করেন।

ইফতার পার্টিতে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ আলম লেনিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশন সম্পাদক ড. হাছান মাহমুদ, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী মুজাম্মেল বাবু, যুগান্তরের নির্বাহী সম্পাদক সাইফুল আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা।

শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ মন্ত্রিপরিষদের জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) দায়িত্ব থেকে সৈয়দ আশরাফকে অব্যহতি দেয়া হয়। সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন