উত্তরবঙ্গের প্রবেশমুখ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় ঢাকাগামী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের বোয়ালীয়া বাজার নামক স্থানে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহত বা নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ইমদুল হক জানান, অটোরিকশাটি সিরাজগঞ্জ থেকে উল্লাপাড়া যাচ্ছিল। পথে বিপরীত থেকে আসা পাবনা থেকে ঢাকাগামী নবীনবরণ পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে পাঁচজন নিহত এবং একজন আহত হন।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় এক নারীকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


