বাংলাদেশের জঙ্গি দমনে শেখ হাসিনার নেতৃত্ব বিশ্ব দরবারে প্রশংসিত। দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। বলেছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দেশের এই বড় অর্জনে শরিক হতে চিকিৎসক সমাজসহ সকলকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাসিম।
সোমবার বিকালে সেগুনবাগিচার গণপূর্ত ভবন মিলনায়তনে গণতন্ত্রী পার্টি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। গ্রাম-গঞ্জের মানুষ এখন আর না খেয়ে থাকে না। গ্রামে বিদ্যুৎ সরবরাহ আগের চেয়ে অনেক বেড়েছে। বাংলাদেশ আরো এগিয়ে যেত, যদি বিএনপি-জামায়াত জোটের অপরাজনীতি এবং জ্বালাও-পোড়াও না হতো।
গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য এ এইচ সালাহউদ্দিন মাহমুদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


