সিলেটে একসঙ্গে ছয়টি শিশু জন্ম দিয়েছেন এক নারী। কিন্তু একটি শিশুকেও বাঁচানো গেল না। জন্মের একদিন পরই ছয় শিশু মারা গেছে।
বুধবার ১৫ জুলাই রাত থেকে সকাল পর্যন্ত পর্যায়ক্রমে ছয় শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
খবরটির সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ড. আবদুস সালাম। জানান, পর্যায়ক্রমে ওই ছয় শিশুর মৃত্যু হয়েছে। প্রথম থেকেই তাদের শারীরিক অবস্থা ততটা ভালো ছিল না।
শিশুদের ওজন স্বাভাবিকের চেয়ে কম ছিল উল্লেখ করে উপপরিচালক বলেন, সাধারণত ১ কেজি ৫০ গ্রাম ওজনের কম ওজনের শিশুদের ‘লো বার্থ ওয়েট’ শিশু বলা হয়। আর এ শিশুদের ওজন ছিল ৭০০ গ্রামের চেয়ে কম। এছাড়া শিশুদের অঙ্গপ্রত্যঙ্গও ভালোভাবে গড়ে উঠেনি। সব মিলিয়ে তাদের আর বাঁচানো গেলো না। তবে শিশুর মা সুস্থ আছেন, তিনি বাড়ি ফিরে গেছেন।
১৪ জুলাই মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেন ২৬ বছরের হোছনা বেগম। অপারেশন ছাড়াই স্বাভাবিকভাবে ছয় নবজাতকের জন্ম হয়। হোছনা বেগম সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জের দুবাই প্রবাসী জামাল উদ্দিনের স্ত্রী। তার তিন বছর বয়সের আরো একটি মেয়ে রয়েছে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


