বুধবার ৪ নভেম্বর ২০২৬

যাকে বাধা মনে করছে সরকার তাকেই সরিয়ে দিচ্ছে: ছাত্রদল

Chatro_Dol-medium2015ক্ষমতাকে দীর্ঘায়িত করতে সরকার যাকে বাধা মনে করছে তাকেই পথ থেকে সরিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল  সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান। নওগাঁ জেলার সাপাহার উপজেলার ছাত্রদলের প্রচার সম্পাদককে অপহরণ করায় উদ্বেগ প্রকাশ করে এ মন্তব্য করেন তারা।

বিবৃতিতে তারা বলেন, এই সরকার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে যাকে বাধা মনে করছে তাকেই পথ থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে। তারা ক্ষমতা টিকিয়ে রাখার মানদণ্ড হিসেবে গুম, অপহরণ আর হত্যাকেই বেছে নিয়েছে। তাদের শাসনামলে কত মায়ের বুক যে খালি হয়েছে তা একমাত্র তারাই জানেন।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, তবে কোন কুশাসনই বেশি দিন স্থায়ী হয়নি, তাই তারাও বেশি দিন থাকতে পারবে না। এদেশের ছাত্র-জনতা অবশ্যই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। নেতৃদ্বয়, অবিলম্বে অপহরণ করা ছাত্রনেতাকে সুস্থ শরীরে ফেরত দেয়ার দাবি জানান।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই রাত পৌনে নয়টার দিকে সাপাহার থেকে বাড়ি ফেরার পথে উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রবিউল ইসলাম রুবেলকে অপহরণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন