সোনালী ব্যাংক রাজশাহীর তানোর শাখা থেকে এক কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংক কর্মকর্তা নাজির হোসেনসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, নগরীর ব্যাংক কলোনি এলাকার গোলাম মোস্তফার ছেলে ও সোনালী ব্যাংকের আইটি বিভাগের কর্মকর্তা নাজির হোসেন (৩৫), তার স্ত্রী ছালমা জাহান লিমা (২৮) ও দড়িখড়বোনা এলাকার কফিল উদ্দিনের ছেলে মাসুদ হাসান (৩৬)।
বুধবার সকালে রাজশাহী র্যাব-৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, সোনালী ব্যাংকের আইটি বিভাগের কর্মকর্তা নাজির হোসেন ২০১১ সাল থেকে স্ত্রী ও বাবার নামে দুটি অ্যাকাউন্ট খুলে টাকা সরাতে থাকেন। গত জুন মাসে ব্যাংক থেকে এক কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। এরপর থেকে নাজির হোসেন আত্মগোপনে চলে যায়। পরে গত ২৪ জুন ব্যাংকটির তানোর শাখার ম্যানেজার দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা করেন। এই মামলার পর র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
র্যাবের এএসপি রেজিনুর জানান, মামলার পর থেকে নাজিরকে অপহরণ করে তার বন্ধু মাসুদ লুকিয়ে রাখে। কারন সে জানতো নাজির গ্রেফতার হলে মাসুদও এই মামলায় ফেসে যাবেন। এ ঘটনায় তার বিরুদ্ধে অপহরণ মামলা হবে।
রাজশাহীর তানোর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে, নজির হোসেন তার নিজস্ব পাসওয়ার্ড ব্যবহার করে প্রতারণা করে ব্যাংকের টাকা উত্তোলন করে নিজের, তার স্ত্রীর ও তার বাবার নামে খোলা একাউন্ডে টাকা রাখে।


