দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানোর উৎসবে বাড়তি রঙ ছড়াতে দেশবাসীর ঈদের ছুটি একদিন বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানালেন মাশরাফি বিন মুর্তজা। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই অনুরোধ করেন বাংলাদেশ অধিনায়ক।
অবশ্য মাশরাফিকে এই বিষয়ে অনুরোধ করতে উসকে দিয়েছৈন পুরস্কার বিতরণী অংশের উপস্থাপক শামীম আশরাফ চৌধুরী।
মাশরাফি প্রথমে ইংরেজিতে ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রীর প্রশংসা করলেও পরে শামীম আশরাফের কথায় বাংলায় ছুটি জানানোর অনুরোধ জানান।
মাশরাফিকে আশরাফ বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো দারুণ ক্রিকেটামোদী ও ক্রিকেটের একাগ্র অনুসারী। এই জয়ের আনন্দে দেশবাসীর ঈদের ছুটি একদিন বাড়িয়ে দেওয়ার অনুরোধ করবেন?”
মাশরাফি উত্তর দেওয়া শুরু করেছিলেন ইংরেজিতেই, বললেন, “মে বি।” আশরাফ তখন আবারও বললেন, “সরাসরিই আবদার করে ফেলুন!” এক মুখ হাসিতে মাশরাফি তখন বললেন, “বাংলাতেই বলি তাহলে। আমাদের সবাইকে বাড়তি একদিন ছুটি দিন প্লিজ, মাননীয় প্রধানমন্ত্রী!”
তৃতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটের স্মরণীয় জয়ের পাশাপাশি প্রথম বারের মতো প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই ম্যাচে সাকিব ও মাশরাফি ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।
ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


