বুধবার ৪ নভেম্বর ২০২৬

৩৬ হাজারের বেশি ভারতীয় হচ্ছেন বাংলাদেশি নাগরিক

Lalmonirhat_sitmaholভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়ের ঐতিহাসিক জরিপ কাজ বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হয়েছে। এই চূড়ান্ত জরিপ অনুযায়ী দুই দেশের ১৬২টি ছিটমহলরে মানুষের নাগরিকত্ব ভারত ও বাংলাদেশে স্থানান্তর করা হবে। আগামী ২০ জুলাই প্রকাশিত হবে এর চূড়ান্ত ফলাফল। তবে বৃহস্পতিবার রাতেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সূত্র থেকে খসড়া তালিকা পাওয়া গেছে। এই জনগণনায় ৯৯ দশমিক ৬৫ শতাংশ ছিটমহলবাসী অংশ নিয়েছেন।

এই জনগণনার ফলাফল অনুযায়ী আগামী ৩১ জুলাই মধ্যরাতে উভয় দেশের ১৬২টি ছিটমহল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এর ফলে ভারতের ভেতরে থাকা বাংলাদেশি ছিটমহলের মালিকানা চলে আসবে ভারত সরকারের হাতে। অন্যদিকে বাংলাদেশের ভেতরে থাকা ভারতীয় ছিটমহলের মালিকানা স্বত্ব চলে যাবে বাংলাদেশ সরকারের হাতে।

তথ্য অনুযায়ী, ভারতের ভেতরে থাকা ৫১টি বাংলাদেশি ছিটমহলের ১৪ হাজার ২১৫ জন বাংলাদেশির মধ্যে কেউই বাংলাদেশে ফিরে যেতে আবেদন করেননি। অন্যদিকে বাংলাদেশের ভেতরে থাকা ১১১টি ভারতীয় ছিটমহলের ৩৭ হাজার ৩৬৯ জন ছিটমহলবাসীর মধ্যে মাত্র ১ হাজার ১৬৭ জন ভারতে ফিরতে চেয়েছেন। বাকি ৩৬ হাজারের বেশি ভারতীয় হয়ে যাচ্ছে বাংলাদেশি।

জুলাই মাসের ৬ তারিখ এ জনগণনার কাজ শুরু হয়। এ কাজে অংশ নেয় উভয় দেশের প্রতিনিধিদের নিয়ে গড়া ৭৫টি যৌথ কমিটি। এর মধ্যে ২৫টি যৌথ কমিটি কাজ করে ভারতের ভেতরে থাকা ৫১টি বাংলাদেশি ছিটমহলে। বাকি ৫০টি কাজ করে বাংলাদেশের ভেতরে থাকা ১১১টি ভারতীয় ছিটমহলে।

চার দশকেরও বেশি সময় পর ভারত স্থল সীমান্ত চুক্তি অনুমোদন করায় এখন ছিটমহল বিনিময়ের অংশ হিসেবে এই জরিপ করা হয়।

বিশেষ প্রতিনিধি, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন