বুধবার ৪ নভেম্বর ২০২৬

ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ…

eiddddসবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার ১৮ জুলাই পবিত্র ঈদুল ফিতর। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে জানানো হয়, শুক্রবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে। শনিবার সারা বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে।

১৪৩৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান।

আজ বিকেল থেকে অগণিত দৃষ্টি আকাশে খুঁজেছে এক ফালি বাঁকা চাঁদ। অবশেষে কাঙ্ক্ষিত সেই চাঁদের দেখা মিলেছে। দেশবাসী মেতেছেন ঈদের আনন্দে। সরকারি ঘোষণার পাশাপাশি টিভি-বেতারে বাজতে শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুলের কালজয়ী সেই গানের সুর ‘ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ…’। পাড়া-মহল্লার মসজিদ থেকে ভেসে আসছে ‘ঈদ মোবারক’ ধ্বনি।
ঈদের দিনটি ধনী-গরিব, আশরাফ-আতরাফ-নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। এদিক থেকে ঈদ কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, উদ্ভাসিত হয় ইসলামের সাম্যের এক বড় পরিচয়।

চাঁদ দেখার পর ঘরে ঘরে উপাদেয় খাবারের আয়োজনে তোড়জোড় শুরু হয়েছে। ‘সেমাইয়ের ঈদ’ নামে প্রচলিত এই ঈদে নানা রকম সেমাইয়ের সঙ্গে থাকছে ফিরনি, পিঠা, পায়েস, পোলাও-কোরমাসহ সুস্বাদু খাবারের আয়োজন। বিশেষ আয়োজন থেকে বাদ যাবেন না রোগী, বন্দী বা বিভিন্ন পেশায় নিয়োজিত কর্মীরাও।

হাসপাতাল, এতিমখানা ও বন্দীদের জন্য কারাগারগুলোতে উন্নতমানের খাবারের ব্যবস্থা থাকবে। সরকারি শিশু সদন, ছোটমণি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে কল্যাণকেন্দ্র ও দুস্থ কল্যাণকেন্দ্রেও থাকবে বিশেষ খাবার ও বিনোদনের ব্যবস্থা।

ঈদ উপলক্ষে দৈনিক পত্রিকাগুলো ইতিমধ্যে প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। এই আনন্দ বাড়িয়ে দিতে আছে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও এফএম রেডিওর ঈদের বিশেষ অনুষ্ঠানমালা।

ঈদের দিন গণভবনে সকাল সাড়ে নয়টা থেকে রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, কূটনীতিক, বিচারপতি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের দিন বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুভেচ্ছাবিনিময় করবেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন