ঢাকা থেকে গাইবান্ধাগামী অ্যানি পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৮ যাত্রী। এদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের বানিয়াগাঁতী ৪নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে র্যা কার দিয়ে বাসটি খাদ থেকে উদ্ধারের পর পঞ্চম লাশটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ হেফাজতে নেয়া হলেও চালক ও হেলাপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।
নিহতদের মধ্যে গাইবান্ধা সদর উপজেলার সোনাইকান্দা গ্রামের হারুনর অর রশিদের ছেলে আপেল (২০), গোবিন্দগঞ্জ উপজেলার গাজিয়াপাড়া গ্রামের জুয়েল হোসেনের ছেলে নিরব (৭) এবং একই উপজেলার দিরাহীনপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী শিরিন আখতারের (২৬) পরিচয় পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যানি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিল। পথিমধ্যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের বানিয়াগাঁতী ৪নং ব্রিজ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ২০ যাত্রী। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নেয়ার পথে দুই জন মারা যান। পুলিশ হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে।


