ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের ব্যাপক চাপ থাকায় শুক্রবার ভোর থেকেই ভোগান্তিতে পড়তে হয় ঈদে ঘরমুখো মানুষদের। এদিকে মহাসড়কের নবীনগর থেকে কালিয়াকৈর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সরেজমিনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা যায়, মির্জাপুরের গোড়াই, ধেরুয়া রেলক্রসিং, দেলদুয়ারের নাটিয়াপাড়া, পাকুল্যা, টাঙ্গাইলের বাসাইলে যানবাহনের তীব্র চাপ রয়েছে। এইসব পয়েন্টে ঢাকামুখী যানবাহন কিছুটা বন্ধ থাকলেও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে।
এর আগে গত রাত সাড়ে ৩টার দিকে মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় কয়েকটি ট্রাক ও হালকা যানবাহন এলোপাথাড়ি গাড়ি চালালে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতায় সকাল ৬টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলেও ফের মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এদিকে মহাসড়কে ঈদের আগে ট্রাক চলাচল নিষিদ্ধ থাকলেও ঘরমুখো নিম্ন আয়ের যাত্রীদের খোলা ট্রাক-পিকআপে করে গন্তব্যে যেতে দেখা গেছে।
টা্ঙ্গাইল প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


