বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঈদের মাঠে মারামারি: আহত ৩০

Clash-নড়াইলের লোহাগড়ায় ঈদগাহ ময়দানে পূর্ব শত্রুতার জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার সকালে ঈদের নামাজ শেষে লোহাগড়া উপজেলার হলদা গ্রামের ঈদগাহ ময়দানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার হলদা গ্রামের মোল্যা ও শেখ বংশের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। বর্তমানে শেখ বংশের নেতৃত্বে হাবিব শেখ ও মোল্যা বংশের সাইফুল মোল্যা গ্রুপের মধ্যে কোন্দল চলছে। এর জের ধরে ঈদের নামাজ শেষে সাইফুল মোল্যার বাড়িতে আগুন ধরার খবরে প্রতিপক্ষের ওপর ক্ষিপ্ত হন সাইফুল সমর্থকরা। এ সময় হাবিব শেখের লোকেরা উত্তেজিত হয়ে পড়লে ঈদগাহ মাঠেই সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তিসহ প্রাথমিক চিকৎসা দেয়া হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিকেল পর্যন্ত কোনো পক্ষের লোকজন থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন