সারা বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও প্রতি ফার্স্ট লেডি মিশেল ওবামা।
১৭ জুলাই শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় ওবামা বলেন, ঈদুল ফিতর উপলক্ষে যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বের মুসলমানদের মিশেল ও আমি উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।
তারা আশা প্রকাশ করেন, মাসব্যাপী রোজার পর এই উৎসবের মধ্য দিয়ে মুসলমানরা ধর্মের আধ্যাত্মিক গুণের প্রতিফলন, সম্প্রদায়গতভাবে একত্রিত হবার পাশাপাশি দরিদ্রদের পাশে থাকার বিষয়ে সজাগ থাকবেন। সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন।
প্রতিবারের ন্যায় এবারও হোয়াইট হাউজে ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন ওবামা। ইফতার মাহফিলে বাংলাদেশি তরুণ জিয়াদ আহমেদকে স্বাগত জানান প্রেসিডেন্ট ওবামা। জিয়াদের সঙ্গে তার মাও ছিলেন।


