ঢাকার হাতিরঝিলে পিকআপ উল্টে আহত ৮ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম সুমন (১৬)। সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে আগেই জানিয়েছিলেন চিকিৎসকরা। বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার ১৮ জুলাই ঈদের দিন দুপুর ১২টার দিকে হাতিরঝিলে পিকআপ ভ্যান নিয়ে ঈদের আনন্দ করতে গিয়ে সেটি উল্টে গেলে আটজন আহত হয়েছিল। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। তাদেরই একজন মারা গেলেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীর বাকি দুজনের নাম- আব্দুর রহমান (১৫) ও গোলাপ (২০)। এছাড়া আহত বাকিরা হলেন- তুহিন (১৫), মর্তুজা (১৭), সজীব (১৫), কামরুল (১৪), মেহেদী (১৫)।
সুমনসহ এদের সবার বাড়ি তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় বলে জানা গেছে।
দুর্ঘটনার পর তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানিয়েছিলেন, ঈদ উপলক্ষে একটি পিকআপ নিয়ে আনন্দ-উল্লাস করতে বের হয়েছিল অন্তত ১৫ কিশোর। দুপুর ১২টার দিকে হাতিরঝিলে সেটি উল্টে গেলে আটজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


