বুধবার ৪ নভেম্বর ২০২৬

কলকাতায় উৎসবের মধ্যদিয়ে ঈদ উদযাপিত

eid0kolkataখুশির ঈদ পালিত হল কলকাতা–সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। উৎসবের অানন্দে মাতল আট থেকে আশি। প্রার্থনা, শুভেচ্ছা, সুস্বাদু খাবারের আয়োজন—সবই ছিল খুশির ইদ–উল–ফিতরে। শনিবার ১৮ জুলাই কলকাতার রেড রোডে ঈদের নামাজে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি, দু্ই সাংসদ সুলতান অাহমেদ, অ‌ভিষেক ব্যানার্জি, মন্ত্রী জাভেদ খান, কলকাতার নগরপাল সুরজিৎ করপুরকায়স্থ প্রমুখ।

রামজান মাস জুড়ে সংযম, এক মাস রোজা পালন। সংযমের রামজান–শেষে আনন্দে ভাসল রাজ্য। সকাল থেকে আকাশের মুখ ছিল গোমড়া। কিন্তু আকাশের মুখভারকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে কচিকাঁচা থেকে বড়রা সামিল উৎসবের আনন্দে।

রেড রোডের পাশাপাশি নাখোদা মসজিদ, টিপু সুলতান মজসিজ, পার্ক সার্কাস ময়দান, তপসিয়া ফুটবল মাঠ, জাকারিয়া স্ট্রিট, খিদিরপুর, মেটিয়াবুরুজ–সহ বিভিন্ন মসজিদে নামাজ পাঠ করা হয়। প্রার্থনা, শান্তি কামনা।

নতুন পোশাকে নামাজ পাঠ–শেষে আলিঙ্গন, শুভেচ্ছা বিনিময়। ইদের সময় ঘরে ফেরার সুযোগ ওঁদের হয় না। তিলোত্তমাতেই তাঁরা ভাগ করে নেন ঈদের আনন্দ। মহানগরবাসীর কাছে তাঁদের পরিচয় কাবুলিওয়ালা নামে। তাঁরাও পালন করলেন খুশির ইদ। হল পুশতু নাচ, জশন। হইহই করে কাটল উৎসবের দিন। ঈদের তোরণ, আলোক ঝলকানি, রঙবাহারি কাগজে সেজেছে খিদিরপুর, বেলগাছিয়া, পার্ক সার্কাস, মেটিয়াবুরুজ, মল্লিকবাজার–সহ কলকাতার নানান অংশ।

দিনভর বইল খুশির জোয়ার। দুপুরের পর কলকাতার দর্শনীয় স্থানে ভিড় জমিয়ে ছিল মানুষজন। ভিক্টোরিয়া, মিলেনিয়াম পার্ক, পার্ক স্ট্রিট–সহ বিভিন্ন জায়গায় মানুষের ভিড় ছিল যথেষ্ট। সুস্বাদু খাবার ছাড়া উৎসব জমে! তাই ছিল হরেক কিসিমের জিভে–জল–আনা খাবারের আয়োজন।

বন্ধুবান্ধব, পরিজনদের আপ্যায়নে সুস্বাদু সব পদ। কাচ্চিবিরিয়ানি, শাহিকাবাব, মুর্গমশল্লম। আর শেষপাতে কাজু–কিশমিশ ছড়ানো সিমাই, ফিরনি। এদিকে, ইদ উপলক্ষে বিশ্বশান্তির জন‍্য বিশেষ প্রার্থনাসভার আয়োজন করেছিল ফুরফুরা হেজবুল্লাহ। উপস্থিত ছিলেন পিরজাদা সওবান সিদ্দিকি, মহম্মদ নুরুল আসলাম প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন