বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিশ্বের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক বাংলাদেশ: রাষ্ট্রপতি

President_hamidবাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানই উৎসবমুখর হয়ে ওঠে। শনিবার ১৮ জুলাই বঙ্গভবনে ঈদ উপলক্ষে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন।

দেশবাসীকে ঈদুল ফিতরে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ঈদুল ফিতর সমাজের ধনী-দরিদ্র, ‍উচ্চবিত্ত ও সুবিধাবঞ্চিত সব মানুষকে এক কাতারে শামিল করে। তাদের আনন্দ ভাগাভাগি করে নেয়। শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সমাজ বিনির্মাণে ঈদ-উল ফিতরের ভূমিকা অনন্য।

শুভেচ্ছাবিনিময়ের সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে তার স্ত্রী রাশিদা খানম ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি এস কে সিনহা সপরিবারে রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদের চিফ হুইপও এ অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারও এ সংবর্ধনায় যোগ দেন।
সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, সচিব, সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়িক প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব, শিল্পী-সাহিত্যিকসহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও অংশ নেন।

বিশেষ প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন