দমন-পীড়ন চালিয়ে রাজনৈতিক সংকটের সমাধান হয় না। বিরোধী নেতাকর্মীদের উপর নির্যাতন যত বাড়বে সংকট তত ঘনীভূত হবে। একমাত্র মধ্যবর্তী নির্বাচনই চলমান সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে। বলেছেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
১৯ জুলাই রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব বলেন নোমান। দলীয় নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিকদের জন্য এ শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।
দশম জাতীয় সংসদ নির্বাচনকে ভোটারবিহীন একদলীয় নির্বাচন আখ্যা দিয়ে এই বিএনপি নেতা বলেন, সেসময় প্রধানমন্ত্রী বলেছিলেন, এটা নিয়ম রক্ষার নির্বাচন।
নোমান বলেন, প্রধানমন্ত্রী তখন দ্রুত নতুন নির্বাচনের ওয়াদা করেছিলেন। তাই প্রধানমন্ত্রীর উচিত ক্ষমতা থেকে সরে গিয়ে মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করে তার দেওয়া ওয়াদা রক্ষা করা।
তিনি বলেন, দমন-পীড়ন চালিয়ে কখনও রাজনৈতিক সংকটের সুরাহা হয় না। দমন-পীড়ন যত বাড়বে সংকট তত ঘনীভূত হবে। চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে অতি দ্রুত মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করা।
আবদুল্লাহ আল নোমান বলেন, “গণআন্দোলন কখনও ব্যর্থ হয় না, তবে বিলম্বিত হয়। বিজয় আমাদের হবেই- এটা নিশ্চিত। তিনি তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী ও সংগঠিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।


