বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট মঙ্গলবার ২১ জুলাই থেকে শুরু হবে। সারাদেশে চলছে বৃষ্টি। চট্টগ্রামের আকাশে মেঘের ঘনঘটা। কয়েক দিন ধরেই চলছে বৃষ্টি। আকাশ এমনই মেঘাচ্ছন্ন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠ ভেজা থাকায় ইনডোরে চলছে প্র্যাকটিস।
কয়েকদিন ধরেই চলছে অবিরাম বৃষ্টি। ফলে ব্যহত হচ্ছে অনেককিছুই। মাঝে ঈদের আমেজ থাকলেও এখন ক্রমেই ভারি হতে শুরু করেছে কর্মস্থল। বাংলাদেশ ক্রিকেটারদের অবশ্য ছুটি নেই। অবিরাম প্রস্তুতি করে যাচ্ছে মুশফিক শিবির।
যে মাঠে খেলা হবে, সোমবার সেই মাঠেই প্র্যাকটিস সারতে পারেনি তারা। বৃষ্টির কারণে ভেজা মাঠ। অনুশীলন সেরেছে তাই ইনডোরে। একই অবস্থা দক্ষিণ আফ্রিকা দলেরও।
প্রথমবারের মতো প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার লক্ষ্য টেস্ট সিরিজে ভালো করা। যদিও এই ভার্সনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের কোন রেকর্ডই নেই বাংলাদেশের। এখন পর্যন্ত দুই দল মোট আটবার মুখোমুখি হয়েছে, সবগুলোতেই হার বাংলাদেশের।
শুধু তাই নয়, এর মধ্যে সাতটিতেই ইনিংস ব্যবধানে হার। চিত্র স্পষ্ট, দাপুটে ফর্মেই আছে দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ মুখোমুখি দুই দল ২০০৮ সালের নভেম্বরে। সেঞ্চুরিয়ানে যে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ৪৮ রানে।
তবে ঘরের মাঠে ফর্মে আছে টাইগাররাও। তবে টেস্ট ভার্সন বলেই সতকর্তার সঙ্গে পা ফেলতে হবে মুশফিকদের। কে জানে, নতুন ইতিহাস হয়তো অপেক্ষা করছে পয়মন্ত ভেন্যু চট্টগ্রামেই।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


