বুধবার ৪ নভেম্বর ২০২৬

জোড়া খুনের আসামি হলেন চবি ছাত্রলীগের সভাপতি, নয়া কমিটি

Tipu-CUআলমগীর টিপুকে সভাপতি এবং ফজলে রাব্বি সুজনকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রবিবার ১৯ জুলাই এই কমিটি ঘোষণা করা হয়।

২০১৩ সালের ২৪ জুন নগরীর সিআরবিতে দরপত্র নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষের মধ্যে দুই খুনের মামলার আসামি টিপু।

টিপু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

যুবলীগের কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবর এবং কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম লিমনের অনুসারীদের মধ্যে ওই সংঘর্ষে যুবলীগকর্মী সাজু পালিত ও আরমান হোসেন নামে এক শিশু নিহত হয়। সেদিন ছাত্রলীগ নেতা লিমনের পক্ষে টিপু ছিল বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশের দাবি। তিনি তখন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে টিপুকেও গ্রেপ্তার করা হয়েছিল, পরে তিনি জামিনে বেরিয়ে আসেন। লিমন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ছিলেন। পরে তাকে বহিষ্কার করা হয়েছিল।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন সাধারণ সম্পাদক সুজন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা এসএম আরিফুল ইসলামকে কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এবং এএম শাহাদাত হোসাইন জুয়েল ও দিয়াজ ইফরান চৌধুরীকে সদস্য করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন