রাজধানীর মধ্যবাড্ডায় আগুন লেগে একটি মেসবাড়ি, একটি ভবনে থাকা কয়েকটি দোকান এবং ঝিলের ওপর শতাধিক টংঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সূত্রপাত হয়েছে ব্যাংক এশিয়া ও সিডিসিএল সিএনজি স্টেশনের পাশের গলিতে ওই টিনশেড বাড়িতে সোমবার দুপুর ১টার দিকে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের পরিদর্শক মোহাম্মদ আলী খবরটি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে তাদের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা পর বেলা সোয়া ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ওই মেসবাড়িতে আগুন লাগার পর তা পেছনের বস্তিতে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো কিছু জানাতে পারেননি তারা।
ফায়ার ব্রিগেডের উপপরিচালক নুরুল হক বলেন, জনতার ভীড় আর কাছে কোনো ওয়াটার সোর্স না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। না হলে আরো আগে নেভানো সম্ভব হত।
জানা গেছে, কয়েক বিঘা জমির ওপর গড়ে তোলা ভাই ভাই বোর্ডিংয়ের মালিক ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওসমান গণি।


