বুধবার ৪ নভেম্বর ২০২৬

লন্ডনপ্রবাসীর স্ত্রী-শ্বাশুড়ির ওপর হামলা

sylhetসিলেটের বিশ্বনাথে অতিথি সেজে ঘরে ঢুকে মা-মেয়ের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মেয়ে সুজানা বেগমের (১৯) মৃত্যু হয়। সুজানা যুক্তরাজ্যে প্রবাসী মুরাদ আহমদের স্ত্রী। হামলায় গুরুতর আহত মা রেজিয়া বেগম (৪৫) সিলেট ওসমামী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন। তার অবস্থা আশঙ্কাজনক।

রোববার রাতে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর (পশ্চিমপাড়া খালপাড়) গ্রামের মৃত হাজী আব্দুর রউফের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ৫ মাস আগে জগন্নাথপুর উপজেলার সিরামিশি (সাতাল) গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর মুরাদ আহমদের সঙ্গে সুজিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে সুজানা মার সঙ্গেই বসবাস করছিলেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাতনামা চার ব্যক্তি আত্মীয় পরিচয়ে সুজানাদের বাড়িতে প্রবেশ করে। সেসময় তাদের একজনের হাতে ছিল মিষ্টির একটি প্যাকেট।

সুজানার মা রেজিয়া বেগম এসময় তাদের পরিচয় জানতে চাইলে তারা (অজ্ঞাতনামা চারজন) রেজিয়ার মৃত স্বামী হাজী আব্দুর রউফের পূর্ব পরিচিত বলে জানায়। এরপর তারা ঘরে এসে বসে। রেজিয়া বেগম তাদের আপ্যায়নের জন্য লাচ্ছি তৈরি করছিলেন। ওই সময় অতিথি পরিচয়ধারীরা তাদের সঙ্গে করে নিয়ে আসা ধারালো অস্ত্র দিয়ে রাজিয়া বেগম ও তার মেয়ে সুজানা বেগমকে কুপিয়ে আহত করে।

এসময় সুজিনার ভাই জহির উদ্দিন (১২) ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশিরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাতে সুজানা বেগমের মৃত্যু হয়। আর আহত রেজিয়া বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে, এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।

বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন