বুধবার ৪ নভেম্বর ২০২৬

সালমান শাহ মৃত্যু রহস্য মামলায় তদন্ত প্রতিবেদন দিল না র‌্যাব

salman-shahচিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় সোমবার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করেনি র‌্যাব। তাই আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল সোমবার ২০ জুলাই। কিন্তু র‌্যাবের পক্ষ থেকে প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম অমিত কুমার দে নতুন তারিখ ধার্য করেছেন।

চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সালমান শাহর মা নীলুফার চৌধুরী চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে নারাজি আবেদন করেন। আদালত নারাজি আবেদন মঞ্জুর করে অধিকতর তদন্তের নির্দেশ দেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ মারা যান। সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা করেছিলেন তাঁর বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী।

পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি। অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত।

ঘটনা তদন্ত করে ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে ওই চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়। সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে তাঁর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী রিভিশন মামলা দায়ের করেন।

২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন আদালত। এরপর প্রায় ১২ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি নারাজি আবেদন করা হলে আদালত র‌্যাবকে অধিকতর তদন্তের আদেশ দেন।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন