নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্ত প্রশাসন গড়তে নয়া জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দেয়া বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। একইসঙ্গে তা বাস্তবায়নে প্রশাসনের ওএসডি কর্মকর্তাদের ফেরাতে কমিটি গঠনেরও দাবি জানিয়েছে দলটি।
২১ জুলাই মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানিয়েছেন দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
রিপন বলেন, সৈয়দ আশরাফের বক্তব্যের সঙ্গে বিএনপির বক্তব্যের পার্থক্য নেই। সরকারের মন্ত্রী ও বিএনপি একই দৃষ্টিভঙ্গি লালন করেন বলেও উল্লেখ করেন তিনি।
রিপন বলেন, সাধারণত এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কোনো সিনিয়র ও হাইপ্রোফাইল নেতা মন্ত্রী ছিলেন না। এই প্রথম কোনো হাইপ্রোফাইল নেতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। তিনি দায়িত্ব নেয়ার পর প্রশাসন দলীয় প্রভাবমুক্ত ও নিরপেক্ষ থাকবে। এটাই কাম্য ও প্রত্যাশিত।
বিএনপির এই মুখপাত্র বলেন, আশা করি প্রশাসনের দক্ষ, সৎ ও যোগ্য কর্মকর্তা যাদের ওএসডি করে রাখা হয়েছে তাদের ফিরিয়ে আনতে সৈয়দ আশরাফ কমিটি গঠন করবেন। আশরাফ যে তার বক্তব্যকে ওন করেন, আশা করি তিনি তার কাজের মাধ্যমে কথা রাখবেন।


