আওয়ামী লীগের কেউ বিএনপি ভাঙার ষড়যন্ত্র করছে না। বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বলেন, আমরা চাই দেশে সকল দলই সুষ্ঠু ধারার রাজনীতি করুক। বিএনপি ভাঙতে চেষ্টা করার কোনো তথ্য আমার কাছে নেই। কারা বিএনপি ভাঙার চেষ্টা করছে- আমরা তা জানি না।
২১ জুলাই মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী। এ দিবসকে সামনে রেখে সৈয়দ আশরাফের সভাপতিত্বে দলের মহানগর ও সহযোগী সংগঠনের নেতাদের এই যৌথসভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালনের কর্মসূচি প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা এ বছর নতুন কর্মসূচির মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন করতে চাই। এ বিষয়ে নেত্রীর সঙ্গে আলোচনা করে কর্মসূচি চূড়ান্ত করে গণমাধ্যমকে জানবো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কখনও প্রশাসন নিয়ে রাজনীতি করেন না। উনি চান দক্ষ লোক প্রশাসনে আসুক। এতে জাতি যেমন উপকৃত হবে, সরকারও উপকৃত হবে।


