বুধবার ৪ নভেম্বর ২০২৬

এএফসি-১৯ বাছাই পর্ব ঢাকায় শুরু ২৮ সেপ্টেম্বর

U-19বাংলাদেশই আয়োজক হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্বের খেলার। ‘এ’ গ্রুপের বাছাইপর্বের আয়োজক হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার। কিন্তু সেই ভেন্যু বাতিল হয়েছে। এরপর থেকেই বাংলাদেশে বাছাইপর্বের খেলা আয়োজনের গুঞ্জন ছিল। সেই গুঞ্জনই সত্যি হয়েছে। ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে বাছাইপর্বের এই খেলা।

গ্রুপে বাংলাদেশ ছাড়াও রয়েছে আরও ৪টি দল। দলগুলো হল উজবেকিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা ভুটান। একদিন করে বিরতি দিয়ে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। বাছাইপর্বে বাংলাদেশের ৪টি খেলাই শুরু হবে সন্ধ্যা ৬টায়। ২৮ সেপ্টেম্বর বেলা ৩টায় উদ্বোধনী ম্যাচ হবে ভুটান ও শ্রীলঙ্কার মধ্যে। বাংলাদেশের বাকি ম্যাচগুলো হবে ২ অক্টোবর শ্রীলঙ্কা, ৪ অক্টোবর ভুটান ও ৬ অক্টোবর উজবেকিস্তানের বিপক্ষে।

এএএফসি বাছাইপর্ব ছাড়াও অনূর্ধ্ব-১৯ দলের সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে আগস্টে। নেপালে হবে এই টুর্নামেন্ট। এই দুটি প্রতিযোগিতাকে সামনে রেখে জাতীয় দলের সহকারী কোচ সাইফুল বারী টিটুকে অনূর্ধ্ব-১৯ দলের কোচ নিয়োগ করা হয়েছে। ইতোমধ্যে ৪৪ সদস্যের প্রাথমিক দল বাছাই করেছেন তিনি। এখান থেকেই চূড়ান্ত দল গঠন করা হবে।

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ বাছাইপর্বে চূড়ান্তপর্বের আয়োজক বাহরাইনসহ মোট ৪৩টি দল অংশ নেবে। দলগুলো মোট ১০টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রত্যেক গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা ৫ রানার্সআপ উন্নীত হবে ‍চূড়ান্ত পর্বে। আয়োজক বাহরাইনও খেলবে চূড়ান্ত পর্বে।

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

                                            অনূর্ধ্ব-১৯ এএফসি বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ:

তারিখ সময় প্রতিপক্ষ ভেন্যু
২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পাকিস্তান বঙ্গবন্ধু স্টেডিয়াম
২ অক্টোবর সন্ধ্যা ৬টা শ্রীলঙ্কা বঙ্গবন্ধু স্টেডিয়াম
৪ অক্টোবর সন্ধ্যা ৬টা ভুটান বঙ্গবন্ধু স্টেডিয়াম
৬ অক্টোবর সন্ধ্যা ৬টা উজবেকিস্তান বঙ্গবন্ধু স্টেডিয়াম

আরও পড়ুন