বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারতে ৫ মেডিকেল ছাত্র আত্মহত্যার অনুমতি চায়

IND-Medical-Suicide-ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ওঠা ভারতের মধ্যপ্রদেশের গাজরা রাজা মেডিকেল কলেজের পাঁচ ছাত্র দেশটির রাষ্ট্রপতির কাছে ন্যায়বিচার অথবা আত্মহত্যার অনুমতি চেয়ে আবেদন করেছেন।

অমিত চন্দ্র, মনিশ গুপ্ত, বিকাশ গুপ্ত, রাজেন্দ্র বাহাদুর ও পঙ্কজ বানশাল নামের ওই পাঁচ ছাত্র অভিযোগ করেছেন, কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের প্রতি বৈষম্য করছেন। তারা আরও বলেছেন, তাদের বিরুদ্ধে পরীক্ষায় জালিয়াতির যে অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে তারা উচ্চ আদালতে আবেদন করেছেন এবং আদালত তাদের পড়ালেখা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন।

এ ছাড়া পুলিশ তাদের বিরুদ্ধে যে মামলা করেছে তাও স্থগিত রয়েছে। তা ছাড়া ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তারা তাদের সত্যতার প্রমাণ দিয়েছেন। সেই সঙ্গে তাদের পরীক্ষার খাতাও আলাদাভাবে দেখা হয়েছে বলে তারা দাবি করেছেন।

ওই পাঁচ ছাত্র দাবি করেছেন, উল্লিখিত ব্যবস্থার পরও কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের প্রতি বৈষম্য করছেন। অনেকেই তাদের প্রতারক বলে মনে করে। এমতাবস্থায় তারা বিষয়টির ন্যায়বিচার অন্যথায় আত্মহত্যার অনুমতি দিতে রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়েছেন।

তবে কলেজ কর্তৃপক্ষ বলেছে, তারা এ ধরনের কোনো অভিযোগ পায়নি। কলেজের এক্সিকিউটিভ ডিন ড. জে এস সিকারবার বলেছেন, কোনো শিক্ষার্থীর প্রতি বৈষম্যের প্রশ্নই ওঠে না।

প্রসঙ্গত, ভারতে মেডিকেল কলেজে ভর্তির পরীক্ষায় মধ্যপ্রদেশে ব্যাপক জালিয়াতি হয়েছে বলে সম্প্রতি বিষয়টি ফাঁস হয়। আড়াই হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে এই পাঁচজনও রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন