প্রবাসী স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। নিহত কোরবান আলী (৪২) কুয়েতে কাজ করেন। স্ত্রী-সন্তানের সঙ্গে ঈদ করতে তিনি ছুটিতে দেশে এসেছিলেন।
সাভার মডেল থানার এসআই কামরুল ইসলাম জানান, বুধবার ভোরে সাভারের মিটনকৃষ্ণপুর এলাকায় কোরবানকে তার বাড়িতে সাভারে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। কোরবানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা বলছেন, স্ত্রীর ‘পরকীয়া প্রেমের ঘটনা জেনে যাওয়ায়’ কোরবানকে খুন হতে হয়েছে।
প্রতিবেশী খলিলুর রহমানের বরাত দিয়ে এসআই কামরুল বলেন, কোরবান দীর্ঘদিন বিদেশে থাকায় বাড়িতে থাকতেন কেবল তার স্ত্রী ও মেয়ে। এর মধ্যে স্থানীয় এক যুবকের সঙ্গে তার স্ত্রীর ‘পরকীয়া সম্পর্ক’ গড়ে ওঠে। বিষয়টি জেনে যাওয়ায় কোরবানকে ‘পরিকল্পিতভাবে’ হত্যা করা হয়েছে বলে প্রতিবেশীদের ধারণা।
তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোরবানের স্ত্রী পুলিশের কাছে দাবি করেছেন, তার স্বামীর দুই বন্ধু বাড়িতে এসেছিল; তারাই ভোররাতে তাকে খুন করে পালিয়েছেন।
“তবে ওই বন্ধুদের পরিচয় তিনি পুলিশকে দিতে পারেননি। তার কথার সত্যতা না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে,” বলেন এসআই কামরুল।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


