বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও গার্মেন্ট শ্রমিকদের

Germents-Islamibankসোয়ান গার্মেন্টসের বকেয়া বেতন পরিশোধ করে কারখানা চালু এবং মামলা প্রত্যাহার দাবিতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও করে শ্রমিকেরা। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটটায় বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে অবস্থান নেন শ্রমিকরা।

সোয়ান গার্মেন্টসের শ্রমিকরা জানান, তারা ঈদের আগ থেকে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু সরকার বা মালিক কর্তৃপক্ষ তাদের দাবিদাওয়া পূরণে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি।

তারা জানান, সোয়ান গার্মেন্টসের মালিকের ইসলামী ব্যাংকে এ্যাকাউন্ট (হিসাব) আছে। তিনি ব্যাংক থেকে মর্টগেজ নিয়েছেন। ইসলামী ব্যাংক ইচ্ছা করলেই তাদের বেতন পরিশোধ করে দিতে পারে। এছাড়া গত ১৮ জুন ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ সোয়ান গার্মেন্টেসের গোডাউনের মালামাল লুটের অভিযোগে শ্রমিকদের বিরুদ্ধে একটি মামলা করেন।

ঘেরাও কর্মসূচির সভাপতির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট মিন্টো ঘোষ বলেন, ইসলামী ব্যাংক চাইলেই শ্রমিকদের বকেয়া পরিশোধ করে দিতে পারে। তাই তাদেরকে বকেয়া পরিশোধ করে দ্রুত পুনরায় গার্মেন্টস চালুর উদ্যোগ নিতে হবে। এছাড়া শ্রমিকদের বিরুদ্ধে ইসলামী ব্যংকের দায়ের করা মামলা প্রত্যাহার করে নিতে হবে। না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ কমিশনার আনোয়ার হোসেন জানান, কিছু দাবিদাওয়া নিয়ে সোয়ান গার্মেন্টসের শ্রমিকরা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। আমরা তাদেরকে শাস্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে বলেছি।

তিনি আরাও বলেন, কোনো রকম বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি যাতে না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরে শ্রমিকরা দুপুর সাড়ে ১২টার দিকে মিছিলসহ জাতীয় প্রেসক্লাবের দিকে ফিরে যান। সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন