সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুই মামলায় পরবর্তী শুনানি ৩ আগস্ট ধার্য করেছেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার বৃহস্পতিবার ২৩ জুলাই এই তারিখ ধার্য করেন। খালেদা জিয়া আজ আদালতে উপস্থিতি ছিলেন।
রাজধানী ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপপরিচালক হারুন-অর রশিদকে খালেদা জিয়ার পক্ষে আংশিক জেরা করা হয়। আসামির পক্ষে জেরা করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। অসমাপ্ত জেরার জন্য আগামী ৩ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেন আদালত।
জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার পরবর্তী শুনানিও একই তারিখে ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে গুলশানের বাসভবন থেকে আদালতের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। সকাল সোয়া ১০টার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছান তিনি।
খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
এর আগে গত ১৮ জুন এই মামলার শুনানিতে খালেদা জিয়া উপস্থিত ছিলেন। ওই দিন বিচারক শুনানির পরবর্তী তারিখ আজ ২৩ জুলাই নির্ধারণ করেন।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দুটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলা দুটিতে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ৭১ লাখ ৬৭১ টাকা আত্মসাৎ এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ করেছে দুদক।
বিএনপি দাবি করে, চেয়াপারসনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা করা হয়।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


