বুধবার ৪ নভেম্বর ২০২৬

তামিমকে ধাক্কা দেওয়ায় ডি ককের শাস্তি

Tamim-De-cockমাঠে খেলা চলাকালীন বাংলাদেশের ব্যাটসম্যান তামিম ইকবালকে ধাক্কা দেওয়ায় শাস্তি হয়েছে  দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডি কককে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি বৃহস্পতিবার ২৩ জুলাই এক বিজ্ঞপ্তিতে জানায়, দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারকে তার ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ঘটনাটি ঘটে।

মধ্যাহ্ন-বিরতির আগে শেষ ওভারে কয়েকবারই বাগযুদ্ধ হয় তামিম-ডি ককের। ওভারের শেষ বলটি খেলেই ড্রেসিং রুমের দিকে হাঁটা শুরু করেন তামিম। উইকেটরক্ষক কুইন্টন ডি কক নিজেদের ড্রেসিং রুমের দিকে যেতে থাকেন, তবে তার ঠিক আগ মুহূর্তে বাঁহাতি ব্যাটসম্যানকে কনুই দিয়ে গুতো মারেন এই তরুণ।

ওভার শেষ হতেই খেলা সরাসরি সম্প্রচার করা বেসরকারী চ্যানেল গাজী টিভি বিজ্ঞাপনে চলে গেলে টিভিতে ডি ককের ধাক্কা কাণ্ড দেখা যায়নি। তবে মাঠের বড় পর্দায় ঠিকই দেখা যায়।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা দ্রুত ডি কককে সেখান থেকে সরিয়ে দেন। অতিথি দলের পেসার ডেল স্টেইন তামিমের কাঁধে হাত রেখে কিছুক্ষণ তার সঙ্গে কথা বলেন।

মাঠের আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও জুয়েল উইলসন, তৃতীয় আম্পায়ার পল রেইফেল ও চতুর্থ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এ বিষয়ে অভিযোগ করেন।

বৃহস্পতিবার ২৩ জুলাই আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ম্যাচ চলার সময় কোনো ক্রিকেটারের এমন কাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। সে কারণে ম্যাচ রেফারি ক্রিস ব্রড ডি কককে লেভেল-২ অপরাধের জন্য ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করেন।

ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন ডি কক। এ বিষয়ে কোনো শুনানির প্রয়োজন হয়নি।

এর আগে দ্বিতীয় ওয়ানডেতে তামিমকে ধাক্কা মেরে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা দেন রাইলি রুশো।

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন